Logo
×

Follow Us

বাংলাদেশ

E-7 ভিসার আওতায় দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে বোয়েসেল-দ.কোরিয়ার বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮:০২

E-7 ভিসার আওতায় দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে বোয়েসেল-দ.কোরিয়ার বৈঠক

ছবি: ফেসবুক

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের আরো বেশি আকৃষ্ট করতে শিক্ষার্থী ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। সেইসাথে E-7 ভিসার আওতায় দক্ষ কর্মী প্রেরণের সম্ভাবনা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক ও কোরিয়া-বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউটের সিইও মি. পল লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বোয়েসেলে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানায়, সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ই-৭ ভিসার আওতায় দক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কর্মসংস্থান ও উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগস্টে কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার আবেদন করা যাবে। সে ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে পরবর্তীতে ভিসা নবায়নের আগে ভাষার সনদ জমা দিতে হবে। পরিবারকে কোরিয়ায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতেও লাগবে ভাষার যোগ্যতা।

এই আবেদনের প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছর কাজ করার অভিজ্ঞতা (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এছাড়া বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।

অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দেয়। সাধারণ নিয়মে এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট লাগে। ভিসাসংক্রান্ত বিস্তারিত জানতে প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) বা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

Logo