Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে অভাব, বিদেশে শোষণ-নির্যাতন; অসহায় নারী কর্মীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯

দেশে অভাব, বিদেশে শোষণ-নির্যাতন; অসহায় নারী কর্মীরা

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

বৈদেশিক শ্রমবাজার বহুমুখী করলেও বাংলাদেশ এখনো সৌদি আরব নির্ভরই রয়ে গেছে। দেশের শ্রমবাজার হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক, বিশেষ করে সৌদি আরবকেন্দ্রিক। আর দেশটিতে কাজের জন্য গিয়ে অহরহ নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশের নারীরা। দেশে ফেরার পর তাদের অনেকের অভিজ্ঞতায় উঠে আসে শারীরিক ও যৌন নির্যাতন, দীর্ঘ কর্মঘণ্টা এবং অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর পদক্ষেপের অভাবের চিত্র। সরকারি নথিতে অভিযোগ গ্রহণ, আইনি সহায়তা, সেফ হোম ও ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও এসব সুবিধা ভুক্তভোগীদের কতটা সুরক্ষা দিতে পারছে? কতজন নারী অভিযোগ করে প্রতিকার পাচ্ছেন? নিয়োগকর্তাদের বিরুদ্ধে কী আদৌ কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে? তাছাড়া দেশে ফেরার পর তাদের পুনর্বাসনের সুযোগই বা কতটা কার্যকর হচ্ছে?

বিভিন্ন পত্রপত্রিকার তথ্য বলছে, প্রবাসে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে গত ৯ মাসে দেশে ফিরেছেন ১৬৮৭ জন নারী শ্রমিক, যাদের অর্ধেকেরও বেশি (৯৭৯ জন) ফিরেছেন শুধু সৌদি আরব থেকে। এছাড়া সম্প্রতি মক্কায় বাংলাদেশ সরকারকে না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা, কূটনৈতিক তদারকি ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।  

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর ২০২৫ সালের এক গবেষণায় বলা হয়েছে, বাধ্য হয়ে ফিরে আসা নারী কর্মীর ৯৪ শতাংশই প্রবাসে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ৪৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করতে হয়েছে ৮২ শতাংশ কর্মীকে।

প্রবাসী কল্যাণ ডেস্কের আউটপাস রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৬৮৭ জন নারী কর্মী দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে শুধুমাত্র সৌদি আরব থেকেই ফেরত পাঠানো হয়েছে ৯৭৯ জন নারী কর্মী। অর্থাৎ ৫৮.৬২ শতাংশ ফেরত পাঠানো হয়েছে দেশটি থেকে। এছাড়া, জর্ডান থেকে ২২৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৭৮ জন, ভারত থেকে ৫২ জন এবং মালয়েশিয়া থেকে ৪৮ জন নারী কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে ১২৮ জন, ফেব্রুয়ারিতে ৯৭ জন, মার্চে ৩০ জন, এপ্রিলে ২৩৬ জন, মে মাসে ১৬৭ জন, জুনে ১৬৯ জন, জুলাইয়ে ৩৩১ জন, আগস্টে ৩০৯ জন এবং সেপ্টেম্বরে ২২০ জন নারী কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে সৌদি আরব থেকে পাঠানো হয়েছে ১০৩ জন এবং জর্ডান থেকে ৬৪ জন।

এদিকে শরণার্থী ও অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরুর (রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট) প্রতিবেদন অনুযায়ী, বিদেশে বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে ৪০ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৪৬৬ জন নারী বিদেশে কাজ করতে গিয়েছিলেন। ২০২৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৬২ হাজার ৩১৭ জনে।

২০২৫ সালে বিদেশে যাওয়া মোট অভিবাসী কর্মীর মধ্যে নারীর অংশ ছিল মাত্র ৫ দশমিক ৫ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল প্রায় ১৬ শতাংশ।

বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় গন্তব্য এখনো সৌদি আরব। গত বছর দেশটিতে গেছেন ৪৪ হাজার ৮৩২ জন নারী।

রামরুর ২০২৫ সালের সর্বশেষ অভিবাসনবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৬ সাল থেকে বিদেশে যাওয়া অভিবাসী কর্মীদের তথ্য সংরক্ষণ করা হলেও দেশে ফেরা কর্মীদের বিষয়ে বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার নেই। নারীদের বিদেশে কাজ করতে যেতে নিরুৎসাহিত করার কারণ হিসেবে নিয়োগকর্তার বাড়িতে অনিরাপদ কর্মপরিবেশ ও সহিংসতার কথা উল্লেখ করেছে রামরুর প্রতিবেদন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখ ৩২ হাজার ৩৬০ জন কর্মী বিদেশে গেছেন, যার দুই-তৃতীয়াংশই অর্থাৎ ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জন গেছেন সৌদি আরবে। আর চলতি বছর বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৭১৮ জন, এর মধ্যে ৩ লাখ ১৫ হাজার ১৪৩ জনই সৌদি আরবের।

গত ৪ নভেম্বর সংসদীয় ককাসের এক আলোচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশের সাথে সৌদি আরবের ২০১৫ সালের চুক্তিটি পর্যালোচনার আহ্বান জানান। তিনি বলেন, তাদের নিরাপত্তা, মর্যাদা, পর্যাপ্ত বিশ্রাম, উপযুক্ত আবাসন এবং পরিবারের সাথে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে হবে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান বলেন, নির্যাতনের অভিযোগগুলো প্রায়ই সৌদি কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তোলা হয় না। ফলে নির্যাতনকারীরা শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ পান। যখন কোনো তদন্ত হয় না, অপরাধীরা শাস্তি পায় না, তখন একজন নারী দেশে ফেরেন, আরেকজন একই ধরনের নির্যাতনের শিকার হতে সেই দেশে যান।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে বিভিন্ন দেশে নারী কর্মী পাঠানো শুরু হয়। নির্যাতনের অভিযোগে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিলে ২০১৫ সালে বাংলাদেশের সাথে চুক্তি করে সৌদি আরব। সেই সময় থেকে দেশটিতে কর্মী পাঠাচ্ছে সরকার। বিভিন্ন সময়ে নারীদের ওপর নির্যাতনের অভিযোগে দেশটিতে কর্মী পাঠানো বন্ধের আলোচনাও হয়েছে।

Logo