Logo
×

Follow Us

বিশ্ব

কানাডায় গ্রামীণ অঞ্চলে স্থায়ী অভিবাসনের সুযোগ, ১৪ কমিউনিটিতে কর্মী নেবে দেশটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২০:৪২

কানাডায় গ্রামীণ অঞ্চলে স্থায়ী অভিবাসনের সুযোগ, ১৪ কমিউনিটিতে কর্মী নেবে দেশটি

কানাডার শ্রমসংকটে থাকা ছোট ও গ্রামীণ অঞ্চলগুলোতে দক্ষ বিদেশি কর্মী আকৃষ্ট করতে স্থায়ী অভিবাসন কর্মসূচি চালু করছে দেশটির সরকার। এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে পরিচালিত কানাডার রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট (RCIP) কর্মসূচিকে স্থায়ী রূপ দেয়ার ঘোষণা দিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। নতুন কর্মসূচির আওতায় ২০২৭ সাল থেকে ১৪টি কমিউনিটিতে দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ অব্যাহত থাকবে।

সোমবার (৯ নভেম্বর) কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী লেনা মেটলেজ দিয়াব এ ঘোষণা দেন। 

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগ ও তাদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি করা হবে।

কানাডা সরকারের ঘোষণায় বলা হয়েছে, ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ কর্মসূচির আওতায় ৫ হাজার ৫০০ জন স্থায়ী অভিবাসী গ্রহণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ভবিষ্যতে কর্মসূচিটি আরো কিছু এলাকায় সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিকভাবে কর্মসূচিতে অংশ নেবে ১৪টি কমিউনিটি। এগুলো হলো নোভা স্কশিয়ার পিকটো কাউন্টি, অন্টারিওর নর্থ বে, সাডবেরি, টিমিন্স, সল্ট স্টে মেরি ও থান্ডার বে; ম্যানিটোবার স্টেইনবাখ, আলটোনা/রাইনল্যান্ড ও ব্র্যান্ডন; সাসকাচোয়ানের মুজ জ এবং আলবার্টার ক্লেয়ারশোলম। এছাড়া ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান শুসওয়াপ এবং পিস লিয়াড অঞ্চলও এ কর্মসূচির আওতায় থাকবে।

তবে এ কর্মসূচিতে আবেদন করলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। আবেদনকারীকে অংশগ্রহণকারী এলাকার কোনো অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পেতে হবে। সংশ্লিষ্ট কমিউনিটির নির্ধারিত অগ্রাধিকার খাত বা পেশার সাথে চাকরিটি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পাশাপাশি ভাষাগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

কর্মসূচিটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, নিয়োগকর্তা ও স্থানীয় কমিউনিটি যৌথভাবে বিদেশি কর্মী নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকবে। স্থানীয় কর্তৃপক্ষ নিয়োগকর্তার প্রয়োজন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে তাদের অনুমোদন দেবে। ফলে যেকোনো প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব পেলেই এ কর্মসূচিতে আবেদন করা যাবে না।

কানাডার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত অংশগ্রহণকারী কমিউনিটিগুলোতে ১ হাজার ৯৫০টির বেশি নিয়োগকর্তাকে অনুমোদন দেয়া হয়েছে। এসব নিয়োগকর্তা ৪ হাজার ৭০০টির বেশি চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ জারি করেছেন।

এদিকে নতুন স্থায়ী কর্মসূচি চালুর সাথে বর্তমান পরীক্ষামূলক কর্মসূচির কার্যক্রম শেষ হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। তবে পুরোনো কর্মসূচির আওতায় ইতোমধ্যে জমা দেয়া আবেদনগুলো প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে।

কানাডায় দক্ষ কর্মী হিসেবে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিক্রয়, সেবা খাতসহ শ্রমিকসংকটে থাকা পেশাগুলোতে অভিজ্ঞ কর্মীদের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদন করার আগে সংশ্লিষ্ট কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির শর্ত এবং সরকারি যোগ্যতার মানদণ্ড যাচাই করা জরুরি।

মূল সূত্র: কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC)

Logo