গ্রিসগামী নৌকায় ১৪ অভিবাসীর মৃত্যু, প্রাণে বাঁচলেন ১৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭:২৮
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকায় মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নৌকাটি থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
সোমবার (৯ নভেম্বর) ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে সাগরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। মরক্কোর পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ প্রথম নৌকাটি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। পরে গ্রিসের কোস্টগার্ড ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
গ্রিক কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। উদ্ধার হওয়া অন্য ব্যক্তিদের ক্রিট দ্বীপের একটি অভিবাসী কেন্দ্রে নেয়া হয়েছে। নিহত ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা কিংবা পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গ্রিক কর্তৃপক্ষের ধারণা, বৈরী আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে নৌকাটি কয়েক দিন ধরে সাগরে আটকে ছিল। তীরে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে যাত্রীরা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েন। তবে ঠিক কী কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একই দিন ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে পৃথক তিনটি উদ্ধার অভিযান পরিচালনা করে গ্রিসের কোস্টগার্ড। এসব অভিযানে আরো ১৮৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজ ও ড্রোনও এসব অভিযানে সহায়তা করে।
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের পথটি বর্তমানে ইউরোপে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে। বিশেষ করে লিবিয়া থেকে ক্রিট দ্বীপের দিকে যাত্রা করছেন আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ। যুদ্ধ, দারিদ্র্য, বেকারত্ব ও উন্নত জীবনের আশায় অনেকে বিপজ্জনক এই সমুদ্রপথ বেছে নিচ্ছেন।
গ্রিস দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার। তবে ছোট ও অনিরাপদ নৌকায় দীর্ঘ সমুদ্রযাত্রা, প্রতিকূল আবহাওয়া এবং মানব পাচারকারী চক্রের ঝুঁকির কারণে এ পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
উল্লেখ্য, লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বাংলাদেশিরাও যাতায়াত করেন। তবে ক্রিটের কাছে ডুবে যাওয়া বা বিপদে পড়া এই নৌকাটিতে কোনো বাংলাদেশি ছিলেন কিনা, সে বিষয়ে গ্রিক কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
logo-1-1740906910.png)