Logo
×

Follow Us

প্রবাসের খবর

বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২১:২৫

বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন

বাংলাদেশ দূতাবাস বাহরাইনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসির উপস্থিতিতে দূতাবাসের হল রুমে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক বিবর্তনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। এই ঐতিহাসিক দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি জাতির এক চরম সংকটের মুহূর্তে ঐতিহাসিক নেতৃত্ব দিয়ে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করেছিলেন। একই সাথে স্মরণ করছি সিপাহী-জনতার সেই অবিস্মরণীয় ঐক্য ও বিপ্লবকে, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করেছিল।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে এই বিপ্লবের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয় এবং দেশের অর্থনীতিতে উৎপাদনমুখী রাজনীতির সূচনা ঘটে। তিনি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এর ধারণার মাধ্যমে দেশের সব নাগরিকের মনে আত্মমর্যাদা ও ঐক্যের বীজ বপন করেছিলেন। 

বাঙালি প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, দেশের এই অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অনন্য। আপনারা আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে চলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

সিপাহী-জনতার সংহতির ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতির ক্রান্তিকালে জনগণ দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা রক্ষা হয়নি বলেই ২৪ এসেছে। তাই ২৪-এর অভ্যুত্থান পরবর্তী দেশের নেতৃবৃন্দ জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হবেন এমনটাই সবাই আশা করে।

পরিশেষে তিনি বলেন, ৭ নভেম্বরের শিক্ষা হলো জাতীয় স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা। সেই সাথে সিপাহী-জনতার ঐক্যের সেই চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে, গণতন্ত্রের সুরক্ষায় এবং প্রবাসীদের অধিকার রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি।

Logo